ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়া নিয়ে আলোচনার কেন্দ্রে আছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। মাঠের বাইরের এই বিষয়টিকে কেন্দ্র করে নানা গুঞ্জন এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরানোর সম্ভাবনার খবরও সামনে এসেছে।
তবে মাঠের মধ্যে মোস্তাফিজ নিজের স্থিতিশীলতা ধরে রেখেছেন। রংপুর রাইডার্সের হয়ে চলমান বিপিএলে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে আছেন তিনি।
রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার মোস্তাফিজের মানসিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি। বৃহস্পতিবার সিলেটে দলের ঐচ্ছিক অনুশীলন শেষে তিনি সাংবাদিকদের বলেন,
“ফিজ একজন আপাদমস্তক পেশাদার। আমাদের জন্য সে অবিশ্বাস্য খেলছে—সে দুর্দান্ত। সে বিশ্বের যেকোনো বোলারের মতোই সেরা, এমনকি অনেকের চেয়ে ভালো। সে দারুণ একজন টিম ম্যান এবং খুবই বিনয়ী ছেলে, তাই তাকে সামলানো মোটেও কঠিন নয়। সে প্রতিদিন মাঠে নামে এবং সামর্থ্যের সবটুকু দিয়ে নিজের কাজটা করে।”
আর্থার আরও যোগ করেন, মোস্তাফিজের কেকেআরের সঙ্গে চুক্তি হারানো ছিল কষ্টদায়ক, তবে তিনি দ্রুত তা ভুলে সামনে এগোচ্ছেন। এই প্রসঙ্গে মোস্তাফিজের সঙ্গে আলাদা করে কথা হয়েছে কি না জানতে চাইলে আর্থার বলেন,
“হ্যাঁ, আমরা সংক্ষেপে আলাপ করেছি। ফিজ এবং আমার মাঝে কিছুটা ভাষাগত বাধা থাকলেও আমরা একে অপরকে বুঝতে পেরেছি। আমরা এটা নিয়ে কথা বলেছি এবং সেখানেই চ্যাপ্টারটা শেষ করে সামনে এগিয়ে গেছি।”
মোস্তাফিজের এই পেশাদারিত্ব এবং বিপিএলে তার জোরালো পারফরম্যান্স প্রমাণ করছে, যে মাঠের বাইরের পরিস্থিতি তাকে বিচলিত করতে পারেনি।